ধৈর্যের সঙ্গে ক্রান্তিকাল পার করার আহ্বান মেয়র তাপসের

আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ০০:১৬

সাহসিকতা ও ধৈর্যের সঙ্গে ক্রান্তিকাল অতিক্রম করার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল সোমবার পুরান ঢাকার ওয়ারীর ফকিরচাঁন সরদার কমিউনিটি সেন্টারে নিম্ন আয়ের ১৫০০ পরিবারের মধ্যে ভোজ্যপণ্য বিতরণ কর্মসূচিতে নগর ভবন হতে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে এই আহ্বান জানান তিনি।

ব্যারিস্টার শেখ তাপস বলেন, আমরা একটি ক্রান্তিকাল অতিক্রম করছি। আমি সবাইকে সাহসিকতা ও ধৈর্যের সঙ্গে এই ক্রান্তিকাল অতিক্রম করার আহ্বান জানাই। আমরা সংকটের যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, তাতে আমি সবাইকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি।

পবিত্র রমজান উপলক্ষ্যে অষ্টম বারের মতো এই ভোজ্যপণ্য বিতরণের আয়োজন করে ‘সেলিম আল মাহমুদ স্মৃতি পরিষদ’। নিম্ন আয়ের পরিবারের মধ্যে খাদ্যপণ্য বিতরণের এই উদ্যোগের জন্য ৪১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার হোসেন আলোকে ধন্যবাদ জানিয়ে শেখ তাপস বলেন, আমরা জনগণের পাশে আছি, জনগণের পাশে থাকব। সারোয়ার হোসেন আলো বলেন, প্রতি বছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষ্যে নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্যপণ্য বিতরণ করছি। ভবিষ্যতে এই সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।