বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, বঙ্গবন্ধুর বাংলাদেশ-অসাম্প্রদায়িক বাংলাদেশ। এই অসাম্প্রদায়িক বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক শক্তিকে মাথা চাড়া দিয়ে উঠতে দেবে না যুবলীগ। গতকাল সোমবার ‘করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপী ফ্রি মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার এবং জনসচেতনামূলক লিফলেট বিতরণ’ কার্যক্রম অনুষ্ঠিত হয়। আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশনায় কর্মসূচি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
মাইনুল হোসেন খান নিখিল বলেন, গত বছর করোনার প্রথম ধাপ থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগ মাঠে থেকে সাধারণ মানুষকে সহায়তা করেছে, লাশ দাফন করেছে, ফ্রি অ্যাম্বুলেন্স সেবা দিয়েছে। ৪৫ লাখ অসহায় পরিবারকে খাদ্য-সহায়তা দিয়েছে। করোনার দ্বিতীয় ধাপে এসেও মানবিক যুবলীগ মানুষের পাশে থাকবে। এরই মধ্যে আমরা একটি মেডিক্যাল টিম গঠন করেছি। সাধারণ মানুষকে টেলিমেডিসিন সেবা প্রদান করছি। সারা বাংলাদেশে ১০ লাখের বেশি মাস্ক বিতরণ করা হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন যুবলীগের টেলিমেডিসিন বিভাগের প্রধান সমন্বয়ক ও প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলী, ইঞ্জিনিয়ার মৃণাল কান্তি জোদ্দার, টেলিমেডিসিন বিভাগের সমন্বয়ক ও সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন, মো. সাইফুর রহমান সোহাগ, জহির উদ্দিন খসরু, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, টেলিমেডিসিন বিভাগের সমন্বয়ক ও স্বাস্থ্য সম্পাদক ডা. ফরিদ রায়হান প্রমুখ।
