নাগেশ্বরীতে ট্রলি চাপায় শিশুর মৃত্যু

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ১৮:১২

নাগেশ্বরীতে ট্রলি চাপায় মারা গেছে ৯ বছরের এক কন্যা শিশু। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে পৌরসভার বলদিটারী মোড়ে। ঘাতক ট্রলি ফেলে পালিয়ে গেছে চালক।

এলাকাবাসী জানায়, সোমবার দুপুরে আরডিআরএস থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে মেয়ে স্মৃতিকা রানীসহ বাড়ি ফিরছিলেন নেওয়াশী ইউনিয়নের ১১মাথা হিরার খামার এলাকার দীনোমন ও মিনতি রানী। পথে পৌরসভার বলদিটারী মোড়ে নাগেশ্বরী-কুড়িগ্রাম আঞ্চলিক সড়কের পাশে একটি দোকানের সামনে দাঁড়িয়ে মেয়েকে বিস্কুট খাওয়াচ্ছিলেন তারা। এ সময় পিছন থেকে একটি ট্রলি দাঁড়িয়ে থাকা শিশুটিকে একটি দেওয়ালের সঙ্গে চাপা দেয়। স্মৃতির বাবা ও মায়ের চিৎকারে লোকজন এগিয়ে এলে ঘাতক ট্রলি ফেলে পালিয়ে যায় চালক।

স্থানীয়রা ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নেওয়াশী ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।’

আরও পড়ুনঃ বাঘায় জলাশয় থেকে লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকিরুল ইসলাম চৌধূরী ছুটিতে থাকায় তদন্ত কর্মকর্তা নয়ন দাসের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘ঘটনা শুনেছি তবে মামলা করার জন্য কেউ আসেনি।’

ইত্তেফাক/নূহু