হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে নারীসহ অবরুদ্ধ করে রাখার ঘটনায় সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে ভাঙচুর ও মহাসড়কে নাশকতার মামলায় হেফাজতে ইসলামের সোনারগাঁও উপজেলা শাখার সভাপতি মাওলানা মহিউদ্দিন খাঁন ও মামলার প্রধান আসামি মাওলানা ইকবাল হোসেনসহ ৪ নেতাকে রাজধানীর জুরাইন এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১১। গতকাল সোমবার দুপুরে র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম পিবিজিএম, পিজিএমএস প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ সোনারগাঁও উপজেলা শাখার সভাপতি ও মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের খতিব মাওলানা মহিউদ্দিন খাঁন, সোনারগাঁও উপজেলা খেলাফত মজলিশের সভাপতি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মাওলানা ইকবাল হোসেন, উপজেলা হেফাজতে ইসলামের সেক্রেটারি মাওলানা শাহজাহান শিবলী (৪৩) এবং উপজেলা হেফাজতে ইসলামের সহ-সভাপতি মাওলানা মোয়াজ্জেম হোসেন (৪৯)।
গত ৩ এপ্রিলের ঘটনায় মামুনুল হকের সমর্থকরা রয়েল রিসোর্টের ভেতরে ঢুকে পুলিশের উপর হামলা চালিয়ে পুলিশের গাড়ি ও রয়েল রিসোর্টে ব্যাপক ভাঙচুর করে মামুনুল হককে ছিনিয়ে নিয়ে যায়। পরে তারা মোগরাপাড়া চৌরাস্তায় আওয়ামী লীগের পার্টি অফিস এবং আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর বাড়ি ঘর ভাঙচুর করে।
