রাজাপুর (ঝালকাঠী) সংবাদদাতা
শুক্রবার সকালে রাজাপুরে দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলো উপজেলার পশ্চিম বাদুরতলা গ্রামের বদনিকাঠি খাল থেকে মো. হূদয় খান (১১) এবং জগাইরহাট গ্রাম থেকে রেশমা আক্তার (১৪)।
হূদয় খানের বাবা ইউসুব খান জানান, হূদয় এপিলেপসি বা মৃগীরোগে ভুগছিল। সে মাঝে মধ্যে মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়তো। এ অবস্থায় বুধবার দুপুরে হূদয় নিখোঁজ হয়। অনেক খোঁজার পর না পেয়ে বৃহস্পতিবার রাজাপুর থানায় সাধারণ ডাইরি করা হয়।
রেশমার বাবা মো. মীর ইয়াকুব আলীসহ পরিবাররের লোকজন জানান, বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে রেশমা ও তার ছোট বোন মিম একসঙ্গে ঘুমিয়ে পড়ে। সকালে মিম ফজরের নামাজ পড়ে আবার শুয়ে পড়ে। কিছুক্ষণ পর রেশমাকে বিছানায় দেখতে না পেয়ে পরিবারের সবাইকে জানায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে ঘরের পিছনে একটি আম গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।
রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন জানান, ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না।
