ফেনী প্রতিনিধি
ফেনীতে একটি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ জিয়াউর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল ফ্লাইওভারসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জিয়া কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বাজনপাড়া এলাকার আবদুল ওয়াহাব মাঝির ছেলে। র্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. জুনায়েদ জাহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল ফ্লাইওভারের নিচে অভিযান চালায়। এ সময় দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র্যাব জিয়াউর রহমানকে গ্রেফতার করে। তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও নগদ ৮০ হাজার টাকা জব্দ করা হয়। মঙ্গলবার গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে ফেনী মডেল থানাপুলিশ।
