কোভিড
করোনা ভাইরাসের মহামারির গোড়া থেকেই প্রাণীর শরীরে এ ভাইরাস কী প্রভাব ফেলে তা নিয়ে শঙ্কা জানিয়ে আসছিলেন বিশেষজ্ঞরা। বিজ্ঞানীরা বলছেন, মানবদেহে করোনা সংক্রমিত করার ক্ষেত্রে প্রাণীদের উল্লেখযোগ্য ভূমিকার প্রমাণ মেলেনি। তবে প্রাণীদের বিভিন্ন প্রজাতির মধ্যে এ ভাইরাসের সংক্রমণের নিশ্চিত তথ্য এরই মধ্যে তাদের হাতে পৌঁছেছে। এসব প্রাণীর মধ্যে কুকুর, বিড়াল, শিম্পাঞ্জি, এমনকি মিংকও রয়েছে।
এ ধরনের সংক্রমণ আমলে নিয়ে বিজ্ঞানীরা শুধু প্রাণীদেহে প্রয়োগের জন্য উদ্ভাবন করেছেন কোভিড-১৯ টিকা। গত সপ্তাহে প্রথম দেশ হিসেবে রাশিয়া আনুষ্ঠানিকভাবে এই বিশেষ টিকা উদ্ভাবনের ঘোষণা দেয়। তবে প্রাণীদের জন্য আদৌ টিকা জরুরি কি না, তা জানার চেষ্টা করেছে বিবিসি। গত বছর জুলাইয়ে যুক্তরাজ্যে একটি বিড়ালের শরীরের প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ঐ সময় যুক্তরাজ্যের প্রধান ভেটেরিনারি কর্মকর্তা ক্রিস্টিন মিডলমিস বলেন, ‘এটা আসলে খুবই বিরল ঘটনা। এ পর্যন্ত যেসব প্রাণীদেহে ভাইরাস শনাক্ত হয়েছে তাদের সামান্য উপসর্গ দেখা গেছে এবং সেরেও উঠেছে কয়েক দিনের মধ্যে।’ পোষা প্রাণীর বাইরে চিড়িয়াখানায় থাকা বেশ কয়েকটি প্রাণীর শরীরেও করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। নিউ ইয়র্কের ব্রংক্স চিড়িয়াখানার একটি বাঘের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। যুক্তরাষ্ট্রে প্রাণীর শরীরে করোনা ভাইরাস সংক্রমণের প্রথম ঘটনা সেটি। এরপর সান ডিয়েগো চিড়িয়াখানাতে আটটি গরিলার শরীরেও ধরা পড়ে করোনা ভাইরাসের সংক্রমণ।
এসব ঘটনার পর এখন প্রশ্ন উঠছে তাহলে পোষা প্রাণীদের কি টিকা দেওয়ার দরকার আছে? এ নিয়ে দুই রকম বক্তব্য রয়েছে। উদাহরণ হিসেবে বিড়াল ও কুকুরের কথাই ধরা যাক। বিজ্ঞানীরা বিশ্বাস করেন না যে, মানবদেহে করোনা ভাইরাসের সংক্রমণে এসব প্রাণীর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে। গত বছর অলাভজনক প্রতিষ্ঠান ইকোহেলথ অ্যালায়েন্সের স্বাস্থ্য বিশেষজ্ঞ উইলিয়াম কারেশ বিজ্ঞান বিষয়ক সাময়িকী সায়েন্সকে বলেন, ‘জনস্বাস্থ্য সুরক্ষার দৃষ্টিকোণ বিবেচনায় এসব প্রাণীর শরীরে টিকার প্রয়োগ জরুরি না।’
বিজ্ঞানীদের আশঙ্কা, যদি করোনা ভাইরাস ব্যাপক হারে প্রাণীর শরীরে ছড়াতে থাকে তবে এর বিবর্তন ঘটতে পারে। তারপর এই রূপান্তরিত ভাইরাসের বিরুদ্ধে হয়তো এখনকার টিকা আর কাজ নাও করতে পারে। গত জানুয়ারিতে ভাইরুলেন্স সাময়িকীর এক সম্পাদকীয়তে বলা হয়, ‘সংক্রমণ রোধে কিছু পোষা প্রাণীকে টিকাদান কর্মসূচির আওতায় আনার কথা ভেবে দেখতে হবে।’ সাময়িকীর সম্পাদক কেভিন টেইলার বলেন, ‘প্রাণীদেহে বিবর্তিত হওয়া করোনা ভাইরাস আবার মানবদেহে সংক্রমিত হতে পারে আরেকটি ধরন নিয়ে, যা ভবিষ্যতে সংকট হয়ে উঠতে পারে। আর এটা মোকাবিলার সবচেয়ে ভালো উপায় হতে পারে টিকা।’
