ফিরে যাচ্ছেন মোহামেডান কোচ শন লেন

আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ২২:২২

স্পোর্টস রিপোর্টার

মোহামেডানের ইংলিশ কোচ শন লেন আজ দেশে ফিরে যাচ্ছেন। ক্লাব সূত্রে জানা গেছে, এই কোচের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাকে পুনরায় ভিসা সংগ্রহ করতে যেতে হচ্ছে। করোনার মধ্যেই বিদেশি কোচ খেলোয়াড় ঢাকাতেই ছিলেন। দলের অনুশীলন চলছে। বিদেশি খেলোয়াড়রা ক্যাম্পেই অবস্থান করছেন। এরই মধ্যে বসুন্ধরার বিপলু আহমেদকে নিয়েছে দলে। একজন বিদেশি ফুটবলার ইউনেসাকে নেওয়া হয়েছে। কোচ চলে গেলেও তার অনুপস্থিতিতে আলফাজ আহমেদ, নকিব, নিজাম মজুমদারসহ একাধিক সাবেক ফুটবলার আছেন কোচিং স্টাফের তালিকায়। তারাই এখন দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন ক্লাব কর্মকর্তা।

মোহামেডানে নির্বাচনের পর ক্রিকেট এবং ফুটবল কমিটির চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে আগেই। সোমবার ফুটবল কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর গতকাল বিকালে মোহামেডান ক্লাবে গিয়েছিলেন। খেলোয়াড়দের সঙ্গে বৈঠক করেছেন বলে জানিয়েছেন মোহামেডানের পরিচালক আবু হাসান চৌধুরী প্রিন্স। ফুটবল কমিটির চেয়ারম্যান ঘোষণা হলেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। কবে নাগাদ হবে সেটিও নিশ্চিত না। তবে প্রিন্স জানিয়েছেন এক সপ্তাহের মধ্যে এটি হতে পারে।  মোহামেডান ফুটবল লিগে যেমনই রেজাল্ট করুক না কেন এখন নতুন করে দল গঠন করার মতো প্রস্তুতি নেই। তবে মোহামেডান আগামী মৌসুমে ভালো দল গড়ার ব্যাপারে কড়া নজর রাখতে চান। কীভাবে কী করা যায় তা নিয়ে গতকাল বিকালে মোহামেডান টেন্টে আঙ্গিনায় মোহামেডানের সাবেক ফুটবলারদের ডেকে আলোচনায় বসেছিলেন চেয়ারম্যান। যেখানে ছিলেন প্রতাপ শংকর হাজরা, জোসী, ইলিয়াস, কানন, ইমতিয়াজ সুলতান জনি প্রমুখ। আগামী মৌসুমে চোখ রাখছেন তারা যেন ভালো মানের দল গঠন করা যায়।