স্পোর্টস রিপোর্টার
করোনা আতঙ্ক নিয়েই জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দুই রাউন্ড অনুষ্ঠিত হয়েছিল।
কিন্তু কয়েক জন ক্রিকেটার আক্রান্ত হওয়ায় এবং করোনার কারণে চলাচলে সরকার কিছু বিধিনিষেধ আরোপ করায় এনসিএল স্থগিত করে দেয় বিসিবি। এবার দেশব্যাপী সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে সরকার। সঙ্গত কারণে দেশের অভ্যন্তরে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম স্থগিত করেছে বিসিবি।
পরিস্থিতি অনুকূলে এলে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ক্রিকেট সচল করার পদক্ষেপ নেবে বিসিবি। গতকাল বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘স্বাভাবিকভাবে আমরাও সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম স্থগিত করছি সরকারের লকডাউনের নির্দেশনা অনুযায়ী। আবার যখন সরকারের নির্দেশনা আসবে, তখন সব খেলা শুরু হবে।’
আজ থেকে শুরু হওয়া লকডাউনে ঘর থেকেই বের হওয়া যাবে না। ক্রিকেটাররাও তাই অনুশীলন করতে পারবেন না। তবে ঘরে ফিটনেসের কাজ চালিয়ে যাবেন সবাই। গতকাল মিরপুর স্টেডিয়ামে অনুশীলন করেছেন সৌম্য সরকার। বিসিবির কোচ মিজানুর রহমান বাবুলের তত্ত্বাবধানে ব্যাটিং করেছেন তিনি। শ্রীলঙ্কা সফরের টেস্ট দল থেকে বাদ পড়েছেন এ বাঁহাতি ওপেনার।
