নিষিদ্ধ সময়ে মত্স্য আহরণে বিরত থাকা জেলেদের জন্য মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ২০২০-২১ অর্থবছরে ৩০ হাজার ৯২০ দশমিক ৯২ টন ভিজিএফ চাল বরাদ্দ করেছে সরকার। প্রায় ৪ লাখ জেলে পরিবার এ খাদ্য সহায়তা পাবে। গতকাল মঙ্গলবার সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের অনুকূলে এ সংক্রান্ত পৃথক দুটি মঞ্জুরি আদেশ জারি করেছে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
একটি আদেশে জাটকা আহরণে বিরত থাকা জেলেদের জন্য ২য় ধাপে ২৯ হাজার ৯১৯ দশমিক ৬৮ টন ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হয়েছে। দেশের ২০ জেলার ৩ লাখ ৭৩ হাজার ৯৯৬টি জেলে পরিবারের খাদ্য সহায়তা প্রদানের লক্ষ্যে এ বরাদ্দ দেওয়া হয়েছে। এর আওতায় ৪০ কেজি হারে এপ্রিল-মে দুই মাসে ৮০ কেজি চাল প্রদান করা হবে। তবে ১ম ধাপে যেসব জেলে বরাদ্দ পায়নি ২য় ধাপে তাদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
অন্য এক আদেশে কাপ্তাই হ্রদে মত্স্য আহরণ নিষিদ্ধকালীন রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার ১০টি উপজেলার ২৫ হাজার ৩১টি নিবন্ধিত জেলে পরিবারকে খাদ্য সহায়তার জন্য ১ হাজার ১ দশমিক ২৪ টন ভিজিএফ বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী মে-জুন মাসে ২০ কেজি হারে দুই মাসে ৪০ কেজি করে চাল দেওয়া হবে।
উল্লেখ্য, প্রতিবছর ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত দেশব্যাপী জাটকা আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকে। এর মধ্যে ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত চার মাস জাটকা আহরণে বিরত থাকা মত্স্যজীবীদের মানবিক সহায়তা হিসেবে এই চাল দেওয়া হয়।
