ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের তারাকান্দায় ক্রিকেট খেলার ব্যাট নিয়ে দ্বন্দ্বে আহত রাতুল মিয়া (১৪) মারা গেছে। বুধবার দিবাগত মধ্যরাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে সে চিকিত্সাধীন অবস্থায় মারা যায়। সে উপজেলার বিসকা ইউনিয়নের টিলাটিয়া মধ্যপাড়া গ্রামের সেলিম মিয়ার ছেলে। এর আগে গত মঙ্গলবার বিকালে উপজেলার বিসকা ইউনিয়নের টিলাটিয়া মধ্যপাড়া গ্রামে ক্রিকেট ব্যাট নিয়ে দ্বন্দ্বে আহত হয় রাতুল। বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন, স্থানীয়দের দাবি ব্যাটের আঘাতে রাতুলের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর রহস্য উদ্ঘাটন হবে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
