স্পোর্টস রিপোর্টার
এএফসি কাপ প্লেঅফ ফুটবল ম্যাচ নিয়ে ঝামেলাতেই পড়েছে আবাহনী। নেপালে ২১ এপ্রিলের ম্যাচটি হচ্ছে না সেটা নিশ্চিত করেছে বাফুফে। কারণ কোভিডের জন্য ২১ এপ্রিল পর্যন্ত সরকার যেসব বিধিনিষেধ আরোপ করেছে তাতে নির্ধারিত তারিখের ম্যাচ খেলতে যাওয়া হচ্ছে না আবাহনীর। গতকাল এএফসির সঙ্গে ভার্চুয়াল মিটিং হয়েছে। যেখানে আবাহনীর ফুটবল ম্যানেজার সত্যজিত্ দাস রূপু, বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ ছিলেন। সভায় বলার মতো কোনো সিদ্ধান্ত পায়নি আবাহনী। এএফসি বলছে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে রাখতে। আন্তর্জাতিক ম্যাচ খেলতে যেতে হবে দেশের বাইরে। আবাহনীকে বলা হয়েছে সরকারের অনুমতি নিয়ে রাখতে।
বুধবার ভারতের গোয়ায় ব্যাঙ্গালুরু এফসির ৫-০ গোলে নেপালের ত্রিভুবন আর্মি এফসির বিপক্ষে জিতে ২৮ এপ্রিল আরেকটি ম্যাচ খেলার অপেক্ষায় রয়েছে। সেই ম্যাচের আগে ২৫ এপ্রিল আবাহনী খেলতে চায় মালদ্বীপের ঈগলস ক্লাবের বিপক্ষে। এই ম্যাচের জয়ী দল ২৮ এপ্রিলের ম্যাচে ব্যাঙ্গুলুরু এফসির বিপক্ষে খেলবে। আবাহনী চাইছে যেহেতু আবাহনী ও ঈগলস ক্লাবের ম্যাচের জয়ী দল ২৮ এপ্রিল গোয়ায় দ্বিতীয় ম্যাচ খেলবে। তাই একই ভেন্যুতে ২৫ এপ্রিল খেলতে চায় আবাহনী। তাতে ঝামেলাও কমে আসবে। এখানে এএফসি অনুমতি দিলেই হবে না কারণ লকডাউনের কারণে বাংলাদেশ হতে ভারতীয় ভিসাপ্রক্রিয়া এখন বন্ধ রয়েছে। আবাহনী যদি ভারতের সঙ্গে কথা বলে ভিসার ব্যবস্থা করতে পারে, সেই ক্ষেত্রে গোয়ায় গিয়ে ২৫ এপ্রিল ম্যাচ খেলতে পারবে—এমনটা মনে করছে আবাহনী; সেটাও নিশ্চিত না। রূপু বললেন, ‘এটা নির্ভর করছে অনেক ‘যদি’র ওপর।’ তিনি বলেন, ‘যদি এটা হয়, ওটা হতে হবে। ওটা হলে এটা হতে হবে।’
সোহাগ বললেন, ‘২১ এপ্রিল ম্যাচ হচ্ছে না। এখন আমরা অপেক্ষা করে দেখছি ২১ এপ্রিলের পর সরকারি বিধিনিষেধ কতটা শিথিল নাকি আরো কঠিন হয়। তার ওপর নির্ভর করছে।’ এএফসি সরকারের সঙ্গে কথা বলতে বলেছে তাই আবাহনী বাফুফের মাধ্যমে ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবে বলে জানিয়েছেন দলের ম্যানেজার রূপু।
আবাহনীর এই ঝামেলা সহজেই মিটে যেতে পারে যদি এএফসি মালদ্বীপে গ্রুপ পর্বের ম্যাচের আগে সেখানেই প্লেঅফের ম্যাচ খেলার সুযোগ করে দেয়। কারণ, প্লেঅফের দল খেলবে গ্রুপ পর্বে।
