ধামরাইয়ে সরকারি জমির মাটি লুট, খননযন্ত্রে আগুন

আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ২২:৪৩

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ধামরাই উপজেলার সানোড়া এলাকায় প্রায় চার একর সরকারি জমি থেকে আনুমানিক ৪ কোটি টাকার মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিয়েছে মাটি দস্যুরা। মাটি কেটে তারা বৈদ্যুতিক খুঁটিকে ঝুঁকির মুখে ফেলেছে। তাদের মাটি কাটাকে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয়েছে সহিংসতা। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হক এবং সহকারী কমিশনার (ভূমি) অন্তরা হালদার বুধবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাটি কাটার কাজে ব্যবহূত দুটি এক্সকাভেটর বা খননযন্ত্র আগুন দিয়ে পুড়িয়ে দেন এবং পাঁচটি ট্রাকের গ্লাস ভেঙে দেন। এ সময় মাটি দস্যুরা পালিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মাটিদস্যুদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া অব্যাহত আছে।