মুন্সীগঞ্জ প্রতিনিধি
বেশ কিছুদিন যাবত্ এলাকার বাজারগুলোতে বিক্রি হচ্ছে জাটকা। মাঝেমধ্যে এ সব রোধে অভিযানও চালায় প্রশাসন। তারই অংশ হিসেবে সদর উপজেলার বিভিন্ন মাছ বাজারে অভিযান চালিয়ে ৫৫০ কেজি জাটকা জব্দ করেছে সদর উপজেলা মত্স্য অফিস। বুধবার সদরের রিকাবি বাজার, বটতলা, বৌবাজার ও সিপাহিপাড়া বাজারে অভিযান চালিয়ে এ সব জাটকা জব্দ করা হয়। সদর উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা মো. টিপু সুলতান জানান, গোপন সংবাদ পেয়ে বাজারগুলোতে অভিযান চালিয়ে এ সব জাটকা উদ্ধার করা হয়। তাদের উপস্থিতি টের পেয়ে জাটকা ফেলে বিক্রেতারা পালিয়ে যায়। পরে উদ্ধার করা জাটকা সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয় বলে তিনি জানান।
