প্রতিবেশীর ছাগল দীর্ঘদিন যাবত্ আজিজুর রহমান খানের (৩৫) খেতের সবজি নষ্ট করছিল। বিষয়টি একাধিকবার ছাগল মালিককে জানিয়েও কোনো ফল না পেয়ে অবশেষে রাগে ক্ষোভে সেই ছাগল জবাই করে খেয়ে ফেলেন সবজিখেতের মালিক আজিজুরসহ তার কয়েক বন্ধু। আর সেই ঘটনার সূত্র ধরে ছাগল মালিক মোস্তফার নেতৃত্বে তার পরিবারের লোকজন আজিজুরকে বেধড়ক পিটিয়ে হত্যা করে। উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের রয়েন গ্রামে বুধবার ঘটনাটি ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার নিহতের স্ত্রী আসমা আক্তার মোস্তফাকে প্রধান করে ছয় জনের নামে ও আরো তিন-চার জনকে অজ্ঞাত আসামি করে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
নিহতের স্বজন ও পুলিশ জানায়, মঙ্গলবার সকালে প্রতিবেশীর ছাগল আজিজুর রহমানের খেতে প্রবেশ করে কিছু সবজি খেয়ে ফেলে। এ ঘটনায় আজিজুর দা দিয়ে ধাওয়া করলে ছাগলটি গুরুতর আহত হয়। পরে ঐদিন রাতে ছাগলটিকে জবাই করে বন্ধুদের নিয়ে খেয়ে ফেলে আজিজুর। ঐ ঘটনার জেরে বুধবার ছাগল মলিকের ছেলে মোস্তফাসহ অন্যরা আজিজুরকে পিটিয়ে গুরুতর জখম করে। পরে গুরুতর অবস্থায় তাকে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী আছমা আক্তার বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত সবাই পলাতক রয়েছে। তবে তাদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।
