বিশ্বের ১১০টি শক্তিশালী পাসপোর্টের তালিকায় এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। তালিকায় ১০০তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের পাসপোর্ট। গত বছর বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ছিল ১০১তম স্থানে। যুক্তরাজ্যভিত্তিক সংস্থা দ্য হ্যানলি অ্যান্ড পার্টনারস গত মঙ্গলবার এই তালিকা প্রকাশ করে।
কোন দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কত দেশে ভ্রমণ করা যায়, মূলত তার ওপর ভিত্তি করেই এই তালিকা প্রকাশ করে হ্যানলি। বর্তমানে বাংলাদেশের পাসপোর্টধারীরা বিশ্বের ৪১টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। হ্যানলি পাসপোর্ট সূচক ২০২১-এর হিসাবে এবার বাংলাদেশের সঙ্গী হয়েছে লেবানন ও সুদান।
হ্যানলির প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র মালদ্বীপের অবস্থান ৬০তম, ভারত ৮৪তম, ভুটান ৮৯তম আর মিয়ানমারের অবস্থান ৯৪তম। তালিকায় শ্রীলঙ্কা রয়েছে ৯৯তম অবস্থানে, নেপালের অবস্থান ১০৩তম এবং পাকিস্তানের অবস্থান ১০৭তম। তালিকায় সর্বনিম্ন অবস্থান অর্থাত্ ১১০তম স্থানে রয়েছে আফগানিস্তান। হ্যানলি পাসপোর্ট সূচক ২০২১-এ প্রথম স্থানে রয়েছে জাপান, দ্বিতীয় স্থানে সিঙ্গাপুর এবং যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া ও জার্মানি।
