চীনে মানবাধিকার কর্মীর কারাদণ্ড

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ২১:১৪

চীনের প্রখ্যাত মানবাধিকার আইনজীবী ওয়াং কুয়ানঝাংকে রাষ্ট্রের ক্ষতিসাধনের দায়ে সাড়ে চার বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। সোমবার স্থানীয় একটি আদালত এই রায় দেন। ৪২ বছর বয়সী ওয়াং ভিন্ন মতাবলম্বী ও সরকারি আদেশে সম্পত্তি হারানো মানুষের হয়ে আইনি লড়াই করতেন। তিনি নিষিদ্ধ আধ্যাত্মিক গোষ্ঠী ফালুন গংয়ের অনুসারী।

তিয়ানজিনের আদালত রায়ে বলেন, ওয়াংয়ের বিরুদ্ধে রাষ্ট্রের ক্ষতিসাধনের অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে তাকে চার বছর ছয় মাসের কারাদণ্ড দেওয়া হলো। একই সঙ্গে তার রাজনৈতিক অধিকার পাঁচ বছরের জন্য রহিত করা হয়েছে। রুদ্ধদ্বার কক্ষে ওয়াংয়ের বিচার অনুষ্ঠিত হয়েছে। সেখানে কোনো সাংবাদিকের প্রবেশাধিকার ছিল না। এছাড়া বিদেশি কূটনীতিকদেরও আদালতে ঢুকতে দেওয়া হয়নি।