সুনামগঞ্জ প্রতিনিধি
দিরাইয়ে সুরমা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কবির মিয়ার (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। সে উপজেলার করিমপুর ইউনিয়নের নাগেরগাঁও গ্রামের মনহর আলী ওরফে মনু মিয়ার ছেলে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, কবির বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে বাড়ির পাশে সুরমা নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায়। সংবাদ পেয়ে দিরাই ফায়ার সার্ভিস দিরাই স্টেশন ইনচার্জ ইমরুল ইসলামের নেতৃত্বে একটি ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম শুরু করলেও নদীর গভীরতা বেশি হওয়ায় তারা ব্যর্থ হয়ে ফিরে যায়। পরে শুক্রবার সকালে সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল এসে দীর্ঘ চেষ্টার পর দুপুর ২টার দিকে ঐ যুবকের মরদেহ উদ্ধার করে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
