হবিগঞ্জে ৩১০০ কেজি ভিজিডি চালসহ আটক ১

আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ২১:৩২

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে ৩ হাজার ১০০ কেজি ভিজিডির চালসহ জাবের মিয়া (৩০) নামে এক পিকআপ চালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে আজমিরিগঞ্জ-কাকাইলছেও সড়কের নিগমানন্দ আশ্রম রোড থেকে ৫০ কেজি ওজনের ৬২ বস্তা চালসহ তাকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ বিষয়ে পিকআপ চালক জাবের মিয়া (৩০) জানান, চালের মালিক মোশাহিদ মিয়া। তার বাড়ি উপজেলার শিবপাশা গ্রামে। এ সময় চালের মালিককে তিনবার মোবাইল করলেও তিনি ঘটনাস্থলে আসেননি। পরে নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মতিউর রহমান খান, ১৯৫৬ সনের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে গাড়ি চালক জাবের মিয়াকে এক মাসের কারাদণ্ডের আদেশ দেন। একই সময় জব্দ হওয়া চালের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে দায়িত্ব দেওয়া হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আটক চাল কাকাইলছেও ইউনিয়ন থেকেই আনা হয়েছে। তাই এ সংক্রান্ত একটি রিপোর্ট দেওয়ার জন্য ঐ ইউনিয়ন পরিষদ সচিবকে বলা হয়েছে। তার রিপোর্ট পাওয়ার পর উপজেলা মহিলা কর্মকর্তা কোহেলিকা সরকারকে দিয়ে তদন্ত করা হবে।