দরিদ্রদের জন্য ডায়ালাইসিসের মূল্য কমিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র

আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ২২:১৮

ইত্তেফাক রিপোর্ট

করোনা পরিস্থিতি বিবেচনায় ও বাংলা নববর্ষ থেকে দেশের দরিদ্র রোগীদের চিকিত্সা ব্যয় কমানোর স্বার্থে গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারে মূল্য কমানো হয়েছে। নতুন তালিকায় ছয়টি ক্যাটাগরিতে আগের চেয়ে ফি গড়ে ২০০ টাকা করে কমানো হয়েছে। একই সঙ্গে করোনাকালে রাতে রোগীদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থাও রয়েছে। এতে খরচ পড়বে জনপ্রতি ১০০ টাকা।

নতুন তালিকা অনুযায়ী, অতি দরিদ্রদের জন্যে ডায়ালাইসিসে প্রতি সেশনের ফি ৬০০ টাকা। কেউ সপ্তাহে তিন বার ডায়ালাইসিস করালে খরচ আরো কমে পড়বে ১ হাজার ৪০০ টাকা। আর চতুর্থ শিফটে (রাত ১০টা-ভোর ৬টা) ফি পড়বে ৪০০ টাকা ও প্রতি তিন সেশনে ১ হাজার টাকা। দরিদ্রদের জন্যে প্রতি সেশনের ফি ৮০০ টাকা। সপ্তাহে তিন বার ডায়ালাইসিস করালে খরচ পড়বে ১ হাজার ৮০০ টাকা। চতুর্থ শিফটে ফি পড়বে ৫০০ টাকা ও প্রতি তিন সেশনে ১ হাজার ২০০ টাকা।

নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্তদের জন্যে প্রতি সেশনের ফি যথাক্রমে ১ হাজার ও ১ হাজার ৩০০ টাকা। সপ্তাহে তিন বার ডায়ালাইসিসের খরচ যথাক্রমে ১ হাজার ৫০০ ও ১ হাজার ৫০০ টাকা। চতুর্থ শিফটে ফি পড়বে যথাক্রমে ৭০০ ও ১ হাজার ১০০ টাকা এবং প্রতি তিন সেশনে ১ হাজার ৮০০ ও ৩ হাজার টাকা।