রূপগঞ্জে ছাত্রলীগ নেত্রীর বাড়িতে ফের হামলা ভাঙচুর লুট

আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ২২:১৯

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

রূপগঞ্জ উপজেলার চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক  স্বর্ণালী আক্তারের বাড়িতে গতকাল শুক্রবার সন্ত্রাসীরা ফের হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর, লুটপাট, নারীদের শ্লীলতাহানি ও হত্যার হুমকি দিয়েছে। গত বুধবার রাতে ৮/১০ সদস্যের এক দল সন্ত্রাসী দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায়। হামলাকারীরা নগদ টাকা, মোবাইল ফোনসেট ও স্বর্ণালঙ্কারসহ দুই লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। হামলায় স্বর্ণালী আক্তার, তার পিতা আমির হোসেন, মা হাছিনা বেগম ও ছোট ভাই জাহিদুল ইসলাম হিমেল আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে স্বর্ণালী আক্তার বাদী হয়ে চনপাড়া এলাকার স্বামী হাসান মুহুরী ও স্ত্রী বিউটি আক্তার কুট্টি হত্যা মামলার আসামি জয়নাল আবেদিন, শাহীন মিয়া, চনপাড়া এলাকার সন্ত্রাসী রাজা মিয়া, শাকিল আহমেদ, মুন্না মিয়া ও বিল্লাল হোসেনকে  আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় মামলা দায়ের করায় ১৫/১৬ সদস্যের এক দল সন্ত্রাসী ফের স্বর্ণালীর বাড়িতে হামলা চালায়। রূগগঞ্জ থানার ওসি জসীম উদ্দিন বলেন, হামলার ঘটনা পুলিশ পরিদর্শন করেছে।  সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আসামিদের গ্রেফতারে পুলিশ তত্পর রয়েছে।