সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় রিকশাচালক নিহত

আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ২২:১৯

গাড়িতে আগুন, ভাঙচুর বিক্ষুব্ধ জনতার

ইত্তেফাক রিপোর্ট

যাত্রাবাড়ী বিবির বাগিচা এলাকায় সিটি করপোরেশনের একটি ময়লাবাহী গাড়ির ধাক্কায় মোস্তফা নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত রিকশা আরোহী হরেন্দ্র দাস ঢাকা মেডিক্যাল হাসপাতাল থেকে চিকিত্সা নিয়েছেন। ঘটনার পরপরই স্থানীয় বিক্ষুব্ধ জনতা সিটি করপোরেশনের গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। জানা গেছে, নিহত মোস্তফার গ্রামের বাড়ি যশোরের ঝিকরগাছায়।

যাত্রাবাড়ী থানার এসআই মো. আব্বাস উদ্দিন জানান, গতকাল সকালের দিকে রিকশাচালক মোস্তফা যাত্রী নিয়ে যাচ্ছিলেন। এ সময় বিবির বাগিচা এলাকায় সিটি করপোরেশনের একটি ময়লাবাহী গাড়ি তার রিকশাটিকে ধাক্কা দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়ে মোস্তফা ঘটনাস্থলেই নিহত হন। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল (মিডফোর্ট) মর্গে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম বলেন, গতকাল সকাল ৯টার দিকে সিটি করপোরেশেনের একটি ময়লার গাড়ির আগুন নেভায় তাদের দুটি ইউনিট।