গোপালপুরে মসজিদে হামলায় আহত বৃদ্ধের মৃত্যু, প্রতিবাদে সড়ক অবরোধ

আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ২২:৪১

পৌর শহরের কাচারীপাড়ায় মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষের জের ধরে মসজিদের ভেতর হামলায় আহত আইয়ুব আলী (৭০) গতকাল মারা গেছেন। এর প্রতিবাদে মহল্লাবাসী শহরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পুলিশ খুনের সঙ্গে জড়িত সন্দেহে তিন জনকে আটক করেছে।

ওসি মোশারফ হোসেন জানান, পূর্ব শত্রুতার জের ধরে গত বুধবার ঐ মহল্লার আইয়ুব আলীর স্বজনদের সঙ্গে পড়শি সোহেলদের মারামারি হয়। এতে তিন জন আহত হয়। সন্ধ্যায় কাচারিবাড়ি মসজিদে নামাজ পড়তে গেলে সোহেল ও আলাদিনের নেতৃত্বে চার-পাঁচ জন মিলে আইয়ুব আলীকে মসজিদের ভেতরে বেদম পেটায়। গুরুতর আহত রওশন আলীকে প্রথমে গোপালপুর হাসপাতালে এবং পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গতকাল শুক্রবার সন্ধ্যায় রওশন আলী সেখানেই মারা যান।

মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিচারের দাবিতে মহল্লাবাসী শহরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে স্থানীয় প্রশাসন খুনিদের গ্রেফতার ও বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।