চুয়াডাঙ্গায় সালিশে ভাইস চেয়ারম্যানের পিটুনিতে বৃদ্ধের মৃত্যু, আটক

আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ২২:৪৫

চুয়াডাঙ্গার দামুড়হুদা থানায় জমিজমা নিয়ে সালিশ বৈঠকে দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শহিদুল ইসলামের পিটুনিতে ইস্রাফিল মোল্লা (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে থানার গেটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঐ জনপ্রতিনিধিকে আটক করেছে পুলিশ। নিহত ইস্রাফিল দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লা গ্রামের মৃত জোনাব আলী মোল্লার ছেলে।

স্থানীয়রা জানায়, উপজেলার পীরপুরকুল্লা গ্রামের বজলুর রশিদ ও নজরুল ইসলামের মধ্যে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। এ ঘটনায় নজরুল ইসলাম বাদী হয়ে দামুড়হুদা থানায় বজলুর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে দামুড়হুদা থানা পুলিশ উভয়পক্ষকে নিয়ে গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে থানা চত্বরে সালিশ বৈঠকে বসে। সালিশের শেষের দিকে থানার সামনে ডেকে নিয়ে বজলুর পক্ষের বৃদ্ধ ইস্রাফিল মোল্লাকে চড়-থাপ্পড় ও কিলঘুষি মেরে আহত করেন শহিদুল। আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্ল্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, সালিশের একপর্যায়ে দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম বাদী নজরুল ইসলামের পক্ষ নিয়ে আক্রমণাত্মকভাবে ইস্রাফিলকে গালিগালাজ করতে থাকেন। পরে তাকে বাইরে ডেকে নিয়ে চড়-থাপ্পড়, কিলঘুষি ও গলা টিপে ধরেন।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক জানান, শান্তিপূর্ণভাবে সালিশ শেষ হলে সবাই থানার বাইরে চলে যায়। সেখানে বাগিবতণ্ডার পর শহিদুল ঐ পক্ষের ইস্রাফিলকে ধাক্কা ও ঘুষি মারলে তিনি মাটিতে পড়ে যান। শহিদুল ইসলামকে থানা হেফাজতে রাখা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।