টাঙ্গাইলের কালিহাতীতে শুক্রবার দুই ট্রাকের সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। অন্যদিকে মুন্সিগঞ্জের গজারিয়ায় মহাসড়ক থেকে উদ্ধার করা হয়েছে এক ব্যক্তির লাশ। সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চরভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরো দুই জন আহত হয়েছেন। নিহত চার জনের মধ্যে দুই জনের নাম জানা গেছে। তারা হলেন, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রেজাউল করিম (৩৫) ও মো. শাহআলম (৩২)।
বঙ্গবন্ধু সেতু (পূর্ব ) থানার ওসি শফিকুল ইসলাম জানান, টিনবোঝাই একটি ট্রাকে করে পাঁচ জন উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। ট্রাক চরভাবলা এলাকায় পৌঁছলে আরেকটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে টিনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানে আরো একজন মারা যান।
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, গজারিয়া উপজেলার জামালদি নামক স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে খোরশেদ সরকার (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার বাড়ি চাঁদপুরের মতলব উপজেলার গালিমখাঁ গ্রামে। গতকাল সকালে মহাসড়কে পড়ে থাকা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
ভবেরচর হাইওয়ে থানার ওসি মো. সালাহ উদ্দিন জানান, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী কোনো যানের ধাক্কায় তার মৃত্যু হতে পারে।
