রমজানের প্রথম জুমায় মসজিদে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি

আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ০০:১৯

পবিত্র মাহে রমজানে লকডাউনের মধ্যে প্রথম জুমায় রাজধানীর সব মসজিদে ব্যাপক মুসল্লি উপস্থিত হয়ে নামাজ আদায় করেন। সড়কের পাশের মসজিদগুলোতে ভেতরে মুসল্লিদের সংকুলান না হওয়ায় তা ছড়িয়েছে মূল সড়কেও। ধর্মপ্রাণ মুসল্লিরা করোনা মহামারি থেকে মুক্তির জন্য মহান আল্লাহ তায়ালার নিকট কান্নাকাটি করে দোয়া করেন।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুসল্লিরা সামাজিক দূরত্ব মেনেই নামাজে অংশ নেন। বায়তুল মোকাররমে ইমাম মাওলানা মহিউদ্দিন কাসেমি তার জুমার আলোচনায় মাহে রমজানের হক আদায় করে রোজা রাখার মাধ্যমে গুনাহমুক্ত জীবনযাপন করার আহ্বান জানান। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায়ের পরামর্শ দেন।

করোনা মহামারি থেকে মুক্তি পেতে মুসল্লিদের তওবা করার আহ্বান জানিয়ে ইমাম বলেন, এক বছরের বেশি সময় ধরে করোনা মহামারি সারা বিশ্বকে বিপর্যস্ত করে ফেলেছে। কখন এ মহামারি থেকে মুক্তি পাব কেউ জানে না। বিপদমুক্ত হতে হলে খাস নিয়তে আমাদের তওবা করতে হবে। আর রোজা রেখে তওবা করতে পারলে আল্লাহ আমাদের তওবা নিশ্চয়ই কবুল করবেন। আর তখনই বিপদ থেকে মুক্তি পাওয়া যাবে।’