রবিবার সীতাকুণ্ডে বাকির টাকা চাইতে গিয়ে এক যুবকের লাথির আঘাতে চায়ের দোকানের মালিক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি হলেন- উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর গ্রামের মৃত আব্দুল হাবিবের ছেলে নুর ইসলাম (৬০)।
নুর ইসলাম আবুর পুকুরপাড়ে একটি পান সিগারেট ও চায়ের দোকান করেন। ঘটনার দিন একই গ্রামের আবুল মুনছুরের ছেলে মো. মোশাররফ তার দোকান থেকে পাঁচ টাকার সিগারেট নেয়ার পর তার কাছে আগের বাকি ১৩০ টাকা চান। এতে মোশাররফ ক্ষিপ্ত হয়ে তাকে কিল ঘুষি ও লাথি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। এ দিকে মোশাররফ জানায়, আমার সাথে তার ছেলের কথা কাটাকাটি হয় এবং তার শরীরে আমি স্পর্শও করিনি। মডেল থানার ওসি মো. দেলোয়ার হোসেন জানান, বৃদ্ধের সাথে ধাক্কাধাক্কির এক পর্যায়ে সে চেয়ারের উপর পড়ে গেলে বুকে ব্যথা লাগে এবং হাসপাতালে নেয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন।
