স্বামীবাগে একটি বাসার সামনে কাপড়ের ব্যাগের ভেতর থেকে জীবন্ত নবজাতককে (ছেলে) উদ্ধার করেছে স্থানীয়রা। গতকাল শুক্রবার সকালে স্থানীয়দের সহযোগিতায় ওই নবজাতকে উদ্ধার করে ভর্তি করা হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। গতকাল বিকালে ওই নবজাতক মারা যায় বলে নিশ্চিত করেছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া।
স্বামীবাগের বাসিন্দা রুমা জানান, এলাকার একটি বাসার সামনে পরিত্যক্ত জায়গায় কাপড়ের ব্যাগের ভেতরে কিছু একটা নড়াচড়া করছে বলে প্রতিবেশীদের কাছে জানতে পারেন। ঘটনাস্থলে গিয়ে প্রথমে মনে হয়েছিল বিড়ালের বাচ্চা। তবে কান্নার শব্দ শুনে কাপড়ের ব্যাগটি খুলে দেখা যায় জীবন্ত নবজাতক। এ খবরে দ্রুত আশপাশের লোকজনও ভিড় করে। চিকিত্সকের বরাত দিয়ে তিনি জানান, ধারণা করা হচ্ছে, কোনো ক্লিনিকে গর্ভপাত ঘটানো হয়েছে। নবজাতকের নাভিতে ক্লিপ লাগানো ছিল। চিকিত্সকরা জানিয়েছিল, নবজাতকের মাথায় আঘাতের চিহ্ন ছিল। তার অবস্থা ছিল গুরুতর। গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মিজানুর রহমান জানান, নবজাতকটি কারা ফেলে গেছে, আশপাশের সিসি ক্যামেরা দেখে তা শনাক্তের চেষ্টা চলছে।
