ভিসার নিশ্চয়তা পেল পাকিস্তান

আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ২২:১৩

টি-২০ বিশ্বকাপের ভেন্যু বাড়ল স্পোর্টস ডেস্ক

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে আইসিসি টি-২০ বিশ্বকাপ। প্রাথমিকভাবে ছয় ভেন্যুতে বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা ছিল। তবে এখন বিশ্বকাপের ভেন্যু বেড়েছে। বিশ্বকাপের ম্যাচগুলো ভারতের ৯টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) অ্যাপেক্স কাউন্সিলের সভায় শুক্রবার এমন সিদ্ধান্ত হয়েছে।

সভায় আরো সিদ্ধান্ত হয়েছে যে, বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়া নিয়ে কোনো ধরনের জটিলতায় পড়তে হবে না পাকিস্তান দলকে। ভারত ­সরকারের পক্ষ থেকে পাকিস্তান দলকে ভিসার নিশ্চয়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ। গতকাল এমন সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই।

বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বিশ্বের সর্ববৃহত্ ক্রিকেট স্টেডিয়াম নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। বিশ্বকাপের বাকি আটটি ভেন্যু হলো- মুম্বাই, দিল্লি, চেন্নাই, কলকাতা,  বেঙ্গালুরু, হায়দরাবাদ, ধর্মশালা ও লক্ষ্মৌ।

প্রথম পর্বের খেলাগুলো হবে ধর্মশালা ও লক্ষেৗতে। ধারণা করা হচ্ছে, ২০১৬ বিশ্বকাপের মতো এবারও প্রথম পর্বে বাংলাদেশের ম্যাচগুলো হবে হিমাচল প্রদেশের ধর্মশালায়।

বৈরী রাজনৈতিক সম্পর্কের কারণে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ অনেক বছর ধরে। আসন্ন বিশ্বকাপকে কেন্দ্র করে পাকিস্তান দল, সাংবাদিক, কর্মকর্তা, সমর্থকদের ভিসার নিশ্চয়তা চেয়ে আসছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গত বছর থেকে বলে আসা পিসিবির দাবি পূরণ করেছে বিসিসিআই। 

পিটিআই জানিয়েছে, শুক্রবার অ্যাপেক্স কাউন্সিলের সভায় জয় শাহ নিশ্চিত করেছেন পাকিস্তানিদের ভিসা নিয়ে সমস্যা হবে না। কাউন্সিলের এক সদস্য বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেট দলের ভিসার ব্যাপারটি সমাধান হয়েছে। তবে সমর্থকরা সীমানা পাড়ি দিয়ে খেলা দেখতে আসতে পারবেন কি না, সেটি স্পষ্ট নয় এখনো। এই সিদ্ধান্ত সময়মতোই নেওয়া হবে। তবে আমরা আইসিসিকে নিশ্চিত করেছিলাম যে, এটির সমাধান হবে। আজকের সভায় এই ঘোষণা দিয়েছেন সচিব।’