স্পোর্টস রিপোর্টার
ফুটবল অঙ্গনের মানুষদের জন্য ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করে বিপাকেই পড়েছে বাফুফে। কোনো কোনো ফুটবলার ভ্যাকসিন নিতে ভয় পাচ্ছেন। ফুটবল মাঠে দুর্দান্ত লড়াই করতে একবিন্দু ভাবেন না যারা তারাই কি না সামান্য একটা ভ্যাকসিন নিতে ভয় পান। কারা ভয় পাচ্ছেন জানতে চাইলেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ প্রকাশ করলেন না। শুধু বললেন, ‘ভয়ে নিতে চাইছে না।’
বাফুফে সরকারের কাছ হতে ৭০০ ভ্যাকসিন পেয়েছে। সরকারি সার্ভারের মাধ্যমে প্রবেশ করতে পারছে বাফুফে। সেখানে প্রয়োজনীয় তথ্য আপলোড করলেই হবে। সোহাগ বললেন, ‘সরকারি সার্ভারে আপলোড করে দেওয়ার পর একজন ফুটবলার কুড়িগ্রামে বসেও ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন।’ ৭০০ ভ্যাকসিনের মধ্যে ৪০০ ভ্যাকসিনের রেজিস্ট্রেশন শেষ হয়েছে। আরো ৩০০ রয়েছে।
যারা রেজিস্ট্রেশন করেছেন এদের মধ্যে জাতীয় দলের কোনো খেলোয়াড় আছেন। আবার কোনো খেলোয়াড় ভয় না দেননি। সোহাগ জানিয়েছেন নাম রেজিস্ট্রেশন করতে হলে জাতীয় পরিচয়পত্র লাগবে। নারী জাতীয় ফুটবল দলে একমাত্র সাবিনা খাতুন রেজিস্ট্রেশন করতে পেরেছেন কারণ তার জাতীয় পরিচয়পত্র রয়েছে। বাকি ৪০-৫০ ফুটবলারের রেজিস্ট্রেশন করা যায়নি কারণ পরিচয়পত্র নেই। সোহাগ বলেন, ‘এনআইডি না থাকলে রেজিস্ট্রেশন সম্ভব না। তা ছাড়া নারী ফুটবলারদের বয়সটাও কম।’
