ছয় বছরেও গাড়ি জোটেনি হাসপাতাল পরিচালকের

আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ২২:৩১

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে প্রায় ছয় বছর ধরে হাসপাতালের পরিচালকের ব্যবহারের জন্য নিজস্ব কোনো যানবাহন বরাদ্দ দেওয়া হয়নি। প্রতিষ্ঠার একই সময়ে মেডিক্যাল কলেজের অধ্যক্ষের জন্য নিজস্ব গাড়ি থাকলেও বঞ্চিত হাসপাতালের পরিচালক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২২ আগস্ট গাজীপুর সদর হাসপাতাল ১০০ শয্যা থেকে ৫০০ শয্যায় উন্নীত হয়। পরবর্তী সময়ে ২০১৪ সালের ১০ নভেম্বর সদর হাসপাতালটি স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল নামে নামকরণ করা হয়। ২০১৫ সালের ৭ অক্টোবর হাসপাতালটির পরিচালকের পদ সৃষ্টি করা হয়। পরে পরিচালকের পদায়ন হয় ২০১৬ সালের ১৯ এপ্রিল। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালটির প্রথম পরিচালক নিযুক্ত হন ডা. এ টি এম মিজানুর রহমান। তার পরে আরো ৯ জন এ পরিচালক পদে দায়িত্ব পালন করলেও কারো ভাগ্যে জোটেনি একটি গাড়ি।