করোনা রোগীদের ব্যক্তিগত উদ্যোগে ফ্রি চিকিত্সা দিচ্ছেন তিনি

আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ২২:৪৩

ইত্তেফাক রিপোর্ট

অসহায় করোনা রোগীদের পাশে দাঁড়িয়েছেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজের চিকিত্সক ও ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. নজরুল ইসলাম। গত বছর দেশব্যাপী করোনা সংক্রমণের পর থেকে তিনি এ পর্যন্ত আট শতাধিক অসহায় করোনা রোগীর চিকিত্সা করেছেন। নিজ খরচায় যাবতীয় ওষুধ দিয়েছেন ৫০০ জনকে। দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর আবারও দিশাহারা করোনা রোগী ও তাদের পরিবার। বিভিন্ন হাসপাতালে চিকিত্সার অব্যবস্থাপনা ও অতিরিক্ত রোগীর চাপের কারণে চিকিত্সাবঞ্চিত করোনা রোগীদের চিকিত্সায় এগিয়ে এসেছেন তিনি।

এ ব্যাপারে অধ্যাপক ডা. নজরুল বলেন, ‘আতঙ্কের কারণে অনেক রোগী হাসপাতালে যেতে চান না, অথবা কোথাও ভর্তির সুযোগ পান না। জটিল রোগী ছাড়া অন্যদের বাসায় রেখেও সুচিকিত্সা দেওয়া সম্ভব। ফলে আমার সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে আমি ফি ছাড়া চিকিত্সাপত্র দিয়ে থাকি। এছাড়া প্রয়োজনে আট ধরনের ওষুধ বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। কোনো রোগীর হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হলে সহায়তা করে থাকি। এ জন্য আমার ব্যক্তিগত মোবাইল :০১৭১২১৫৬৩২৭ নাম্বারে যোগাযোগ করা যাবে।’ অধ্যাপক ডা. নজরুল, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের বিভাগীয় প্রধান।