হাসপাতালে শামিয়ানার নিচে চিকিত্সা নেওয়া ডায়রিয়া রোগীদের দুর্ভোগ

আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ২২:৪৩

বরিশালে কালবৈশাখী ঝড়

বরিশাল অফিস

বরিশালে শনিবার ভোর ৫টায় কালবৈশাখী ঝড় শুরু হয়। বরিশাল আবহাওয়া অফিস ঘণ্টায় ৫৫ কিলোমিটার বেগে এ ঝড় হয়েছে বলে জানালেও প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। প্রায় ঘণ্টাব্যাপী এ ঝড়ের মধ্যেই বরিশাল জেনারেল (সদর) হাসপাতাল ভবনের সামনে শামিয়ানা টানানো স্থানে থাকতে হয়েছে রোগী ও তাদের স্বজনদের। এ সময় দুর্ভোগ পোহান তারা।

রোগীর স্বজনরা জানান, ভোরে হঠাত্ বজ্রপাতসহ ঝড়ের ফলে আতঙ্কিত হয়ে পড়েন তারা। এক পর্যায়ে বাতাসের তীব্রতায় বিছানাপত্র উড়ে যাওয়ার উপক্রম হয়। রোগীরা ধুলো-বালিতে একাকার হয়ে কোনোভাবে পেঁচিয়ে বসেছিল। রোগীর স্বজন সালমা বেগম জানান, আকাশ মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি বজ্রসহ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও বিদ্যুত্ চলে যাওয়ায় এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

বরিশাল জেনারেল হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে মহিলা ও পুরুষ মিলিয়ে বেড রয়েছে ১৪টি। সেখানে প্রতিদিন গড়ে চিকিত্সা নিচ্ছে ৭০ থেকে ৮০ জন রোগী। নতুন করে প্রতিদিনই সেখানে ১৫ থেকে ২০ জন রোগী ভর্তি হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, পুরো মার্চ মাস জুড়ে ডায়রিয়া ওয়ার্ডে রোগী ভর্তি ছিল পাঁচ শতাধিক। এপ্রিল মাসে তা বেড়ে যায় অনেক। এপ্রিল মাসের শুরু থেকে ১৬ তারিখ পর্যন্ত প্রায় ৯০০ রোগী ভর্তি হয়েছে এই ওয়ার্ডে। সরেজমিন হাসপাতালে গিয়ে রোগীদের চরম ভোগান্তির চিত্র দেখা গেছে। বেড না পেয়ে অনেকে বাইরে হাসপাতালের সামনে শামিয়ানার মধ্যে খালি জায়গায় মাটিতে কাপড় বিছিয়ে শুয়ে আছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন হঠাত্ করেই ডায়রিয়া রোগীর চাপ বেশি থাকায় শামিয়ানার মধ্যে চিকিত্সা দেওয়া হচ্ছে।

 বরিশাল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার মলয় কৃষ্ণ বড়াল জানান, সিজনের কারণে মূলত এই সমস্যা হচ্ছে। তাছাড়া মানুষের অসচেতনতাও ডায়রিয়া হওয়ার কারণ। আমরা সাধ্যমতো চিকিত্সা দেওয়ার চেষ্টা করছি।