উলিপুরে ঝড়ে গাছ চাপায় জেলের মৃত্যু

আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ২২:৪৪

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা

কুড়িগ্রামের উলিপুরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে মমির উদ্দিন (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলার হাতিয়া ইউনিয়নের শ্যামপুর কুমারপাড়া এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে আকস্মিক কালবৈশাখীর তাণ্ডব শুরু হয়। এ সময় ঐ গ্রামের আব্দুল খালেকের পুত্র মমির উদ্দিন বাগুয়া অনন্তপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে শ্যামপুর কুমারপাড়া নামকস্থানে পৌঁছলে একটি ইউক্লিপ্টাস গাছ ভেঙে মমির উদ্দিনকে চাপা দেয়। তার আর্তচিত্কারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। মমির উদ্দিন চার সন্তানের জনক ও পেশায় একজন জেলে বলে জানা গেছে।