পঞ্চগড়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ২১:৫৪

পঞ্চগড়ে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন পঞ্চগড়ের একটি আদালত। একই সাথে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো একবছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আনিছুর রহমান এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম- শামীম হোসেন। তার বাড়ি জেলার সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়নের দক্ষিণ গোয়ালপাড়া এলাকায়। সে ওই এলাকার আমির হোসেন ওরফে কিসমত আলীর ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১২ জানুয়ারি শামীম স্ত্রী জাহানারাকে মারপিটের এক পর্যায়ে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় জাহানারার ভাই আকবর আলী পঞ্চগড় থানায় স্বামী শামীম হোসেন, শ্বশুর আমির হোসেন ও শাশুড়ি আলিমন বেগমকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। আদালত অপর দুই আসামিকে মামলা থেকে অব্যাহতি দিয়ে শামীম হোসেনের বিরুদ্ধে ওই রায় দেন।