ইন্দুরকানীতে বাবুই পাখির পর এবার ধান বীজতলায় বিষ প্রয়োগে কবুতর নিধন

আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ২২:৫৭

পিরোজপুরের ইন্দুরকানীতে বাবুই পাখির ছানা নিধনের জের কাটতে না কাটতেই বীজতলায় বিষ প্রয়োগে কবুতর মারার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকালে উপজেলার পাড়েরহাটের চরবারৈখালী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর হোসেন নামে এক কৃষক তার ধান বীজতলার বীজ কবুতর ও পাখিতে খেয়ে ফেলায় চালের সঙ্গে বিষ মিশিয়ে ঐ খেতে প্রয়োগ করে। ফলে একই গ্রামের ওয়াদুদ শেখের ছেলে ফেরদৌস শেখের পালিত ১১টি কবুতর বিষ মেশানো চাল খেয়ে মারা যায়। আর খেত থেকে মুখে করে নিয়ে আসা খাবার বাচ্চাদের খাওয়ানোর পরে আরো ১২টি কবুতর ছানা মারা গেছে।

এ বিষয়ে জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমার বীজতলায় বপনকৃত ধান বীজ কবুতর ও পাখি খেয়ে সাবাড় করে দিয়েছে। তাই বীজতলায় চালের সঙ্গে বিষ মিশিয়ে ছিটিয়ে দিয়েছি। এখন কবুতর মারা যাওয়ায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা যে সিদ্ধান্ত দেবেন তা আমি মেনে নিতে রাজি আছি।

ক্ষতিগ্রস্ত কবুতরের মালিক ফেরদৌস শেখ বলেন, আমার কবুতরগুলো খুঁজে না পেয়ে মাঠে গিয়ে জাহাঙ্গীর হোসেনের বীজতলায় মৃত অবস্থায় দেখতে পাই। স্থানীয়রা বিষয়টি মীমাংসা করবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন।