আখ বিক্রির টাকা না পেয়ে বেকায়দায় চাষি

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ২১:৫৫

রাজশাহী সুগার মিলের অধীন বাঘার চাষিরা আখ বিক্রি করে টাকা না পেয়ে চরম বেকায়দায় পড়েছেন। গত দু’মাস আগে উপজেলা পর্যায়ের সাব-সেন্টারগুলোয় আখ দেয়া হলেও এখন পর্যন্ত টাকা দিতে পারেনি মিল কর্তৃপক্ষ। উপজেলার আড়ানী সাবজোনের আওতায় আটটি আখ ক্রয় কেন্দ্রের চাষিরা এ অভিযোগ করেছেন।

আড়ানী আখ ক্রয় কেন্দ্রের নুরনগর ইউনিটের আখ চাষি শাহিনুর রহমান শাহিন বলেন, আমি যে আখ দিয়েছি, সে মোতাবেক চিনিকল থেকে ৭৪ হাজার টাকা পাওনা হয়েছি। আমাকে টাকা পরিশোধ করা হয়নি। ফলে আমি অন্যান্য ফসল আবাদ করতে পারছি না। পাঁচপাড়া ইউনিটের আবদুল মালেক নামে অপর এক চাষি অভিযোগ করেন, আমি ৩২ হাজার টাকার আখ দিয়েছি। লোন কেটে নেয়া হয়েছে ১০ হাজার টাকা। অবশিষ্ট ১৮ হাজার টাকা দুই মাস অতিবাহিত হওয়ার পরও ফেরত দেয়া হয়নি। ফলে আমি অর্থনৈতিকভাবে চরম সমস্যার মধ্যে দিন পার করছি। একই কথা বলেন অন্য কৃষকরাও।

বাঘা উপজেলার আড়ানী আখ ক্রয় কেন্দ্রের সাবজোন প্রধান রুস্তম আলী বলেন, পুর্জি অনুয়ায়ী সিআইসি আখ ক্রয় করেছে। সে মোতাবেক বিলও দিয়েছেন। টাকা পরিশোধ করবেন চিনিকল কর্তৃপক্ষ। সিআইসি বশিরউদ্দিন বলেন, পুর্জি অনুযায়ী এখনো আখ ক্রয় চলছে। সাথে সাথে চাষিদের বিলও দেয়া হচ্ছে। তবে চাষিরা টাকা কবে নাগাদ পাবে এটা আমার জানা নেই।

রাজশাহী চিনিকলের এমডি আশফাকুর রহমান বলেন, হেডঅফিস থেকে আমাদের কাছে টাকা সরবরাহ করা হয়নি। টাকা পেলে তাত্ক্ষণিক আখ চাষিদের মাঝে তাদের বিল দেয়া হবে। আগামী দুই এক সপ্তাহের মধ্যে এই বিল দেয়া হবে বলে তিনি জানান।