ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ছাত্রীদের ওপর বখাটেদের মোটরসাইকেল

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ২১:৫৪

মির্জাপুরে স্কুলে আসা যাওয়ার পথে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ছাত্রীদের ওপর মোটরসাইকেল উঠিয়ে দিয়েছে বখাটেরা। এতে ভেঙ্গে গেছে দুই শিক্ষার্থীর পা। আহত হয়েছে আরো ৬ জন। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় হৃদয় নামে বখাটেকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

রবিবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের হাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে ঘটেছে ঘটনাটি।

বিদ্যালয় সূত্র জানায়, চানপুর গ্রামের জাবেদ আলীর ছেলে হৃদয় (১৬) এবং পাইখার ভাওড়া গ্রামের শাজাহান আলীর ছেলে শিশির (১৭) এবং তাদের সহযোগীরা বিদ্যালয়ের ছাত্রীদের আসা যাওয়ার পথে দীর্ঘদিন ধরে নানাভাবে বিরক্ত করে আসছিলো। এর প্রতিবাদ করায় রবিবার সকালে বিদ্যালয়ে আসার সময় ৮ম শ্রেণির ছাত্রী শিলা, নার্গিস, শায়লা, ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ইতি ও এসএসসি পরীক্ষার্থী শাওনের ওপর বখাটে হৃদয়, শিশির ও তাদের সহযোগীরা মোটরসাইকেল উঠিয়ে দেয়। এতে শায়লা ও শাওনের পা ভেঙ্গে যায়। আহত হয় সঙ্গে থাকা শিক্ষার্থীরা। গুরুতর আহত অবস্থায় দুইজনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন: বগুড়ায় যমুনা নদীতে বালু তোলা বন্ধে প্রশাসনের অসহযোগিতা

ঘটনার সত্যতা স্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আলীম বলেন, ‘পা ভেঙ্গে যাওয়া দুই শিক্ষার্থীকে কুমুদিনী হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসার পর অভিভাবকরা বাড়ি নিয়ে গেছে। বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, এলাকাবাসী ও ছাত্রীদের অভিভাবক ঘটনার সঙ্গে জড়িত বখাটেদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।’

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি তদন্ত) মো. মোশারফ হোসেন বলেন, ‘ঘটনার পর আহত ছাত্রীর অভিভাবক মো. চান মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আটক হৃদয়কে জেল হাজতে পাঠানো হয়েছে। পলাতক শিশিরসহ অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

ইত্তেফাক/অনি