ইত্তেফাক ডেস্ক
সরকারঘোষিত বিধিনিষেধ না মানায় রবিবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ব্যবসায়ী, দোকানদারসহ পথচারীদের জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
বরিশাল :সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের নির্দেশনায় নগরীর বিভিন্ন সড়ক এবং বাজারগুলোতে এ অভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকী দাস পোর্ট রোড, ফরিয়াপট্টি, পলাশপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১১ জন ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠান থেকে ৬ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেন। এদিকে কোতোয়ালি মডেল থানার ওসি নূরুল ইসলাম জানান, আইন অমান্য করে দোকান পরিচালনা করায় ১১ জনকে আটক করে মুচলেকায় স্বাক্ষর রেখে ছেড়ে দেওয়া হয়েছে।
হোসেনপুর (কিশোরগঞ্জ) : হোসেনপুর উপজেলা সদর বাজারের বিভিন্ন পয়েন্টে বিধিনিষেধ না মানায় ২২ ব্যবসায়ীকে ৯ হাজার ৭৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। হোসেনপুর সদর বাজারের বিভিন্ন পয়েন্টে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সরকার।
সদরপুর (ফরিদপুর) : সদরপুরে দোকান খোলা ও বিধিনিষেধ আইন অমান্য করার অপরাধে ১১ জন দোকান মালিককে ৯ হাজার ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল এ জরিমানা করেন।
গোদাগাড়ী (রাজশাহী) : গোদাগাড়ীতে এক প্রতিষ্ঠানসহ ১৭ জনকে ৯৩ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সদর ডাইংপাড়া মোড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানে আলম মাস্ক না পরায় চার জনকে ২ হাজার ২০০ টাকা, মুভমেন্ট পাশ ছাড়াই বের হওয়ায় ১০ জনকে ৩৯ হাজার টাকা এবং মোটরসাইকেলে চলাচল করায় তিন জনকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। এ সময় গার্ডিয়ার লাইফ ইনসিওরেন্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সুজানগর (পাবনা) : সুজানগরে মোটরসাইকেল আরোহীসহ সাত জন পথচারীকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে সুজানগর পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রওশন আলী প্রত্যেককে ১ হাজার টাকা, ৫০০ টাকা ও ৪০০ টাকা করে মোট ১৭ হাজার টাকা জরিমানা করেন।
মান্দা (নওগাঁ) : মান্দায় দুইটি ইটভাটাসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র না থাকাসহ সর্বাত্মক লকডাউনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে এসব জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও আব্দুল হালিম এ অভিযান পরিচালনা করেন।
শ্রীবরদী (শেরপুর) : উপজেলার ভেলুয়া, লঙ্গরপাড়া ও পৌর বাজারে অভিযান চালিয়ে ৬ হাজার টাকার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আহসান এ অভিযান পরিচালনা করেন।
