মুন্সীগঞ্জে দুই ট্রলারসহ ৬ হাজার ৮০০ কেজি জাটকা জব্দ

আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ২২:০৬

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদর উপজেলার ধলেশ্বরী নদী থেকে দুইটি ইঞ্জিনচালিত ট্রলারসহ ৬ হাজার ৮০০ কেজি জাটকা জব্দ করেছে নৌ-পুলিশ। রবিবার ভোরে চরকিশোরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ৩০টি ড্রাম, দুইটি ককসেট ও চারটি ঝুড়ি ভর্তি এসব জাটকা ট্রলারসহ জব্দ করা হয়।

মুক্তারপুর নৌ-পুলিশ স্টেশনের ইনচার্জ মো.কবির হোসেন খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ২টি ট্রলারসহ এসব জাটকা জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রলার রেখে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। জব্দ করা জাটকার মূল্য প্রায় সাড়ে ২৩ লক্ষ টাকা। পরে জাটকাগুলো সদর উপজেলার সিনিয়র মত্স্য কর্মকর্তা মো. টিপু সুলতানের উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও দরিদ্র পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে।