লকডাউনে আইনজীবীদের চলাচল নির্বিঘ্নে সুপ্রিম কোর্ট বারের চিঠি

আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ২২:০৮

ইত্তেফাক রিপোর্ট

কঠোর লকডাউনে নির্বিঘ্নে চলাচল করে পেশাগত দায়িত্ব পালন করতে চান আইনজীবীরা। সেজন্য আইনজীবীদের চলাচল নির্বিঘ্নে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে গতকাল রবিবার চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, করোনা মহামারি মোকাবিলায় সারা দেশে লকডাউন চলছে। কিন্তু লকডাউনেও দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ, দায়রা আদালতসমূহ এবং সাংবিধানিক বাধ্যবাধকতায় সব মেট্রোপলিটন এলাকাসহ প্রত্যেক জেলাতে শারীরিক উপস্থিতির মাধ্যমে ম্যাজিস্ট্রেট আদালত খোলা রয়েছে।

আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনে প্রতিনিয়ত আদালতে যাওয়ার প্রয়োজন পড়ে। লকডাউনে স্বাভাবিক চলাচলে নিষেধাজ্ঞা থাকায় আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনকালে বিড়ম্বনায় পড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এ কারণে আইনজীবীগণ যে নির্বিঘ্নে চলাচল করে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারে সেটি নিশ্চিত করার জন্য অনুরোধ জানাচ্ছি।