মো. লুত্ফুর রহমান, কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা নগরীর কেন্দ্রস্থল কান্দিরপাড় টাউন হল মাঠের সামনের সড়কের দখলমুক্ত ফুটপাতে গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন ফুলের বাগান। নগরীর ঐ ফুটপাত দখল করে ব্যবসা করতেন ক্ষুদ্র ব্যবসায়ী ও হকাররা। বিভিন্ন সময়ে সেখানে উচ্ছেদ অভিযান পরিচালিত হলেও পুনরায় দখল হতো। এতে পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হতো। এ অবস্থায় কুমিল্লা জেলা প্রশাসন সম্প্রতি ঐ জায়গা দখলমুক্ত করে নগরীকে গ্রিন সিটি করার উদ্যোগের অংশ হিসেবে সেখানে থাকা লোহার গ্রিলে নানা রঙের প্লাস্টিকের টবে ৫০০ ফুলের গাছ স্থাপন করা হয়েছে। এতে পুরো এলাকা দৃষ্টিনন্দন ফুলের বাগানে পরিণত হয়েছে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুমিল্লা শাখার সভাপতি ডা. মো. মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, কুমিল্লা নগরীকে দখল ও দূষণমুক্ত রাখতে এবং ফুটপাত দখলমুক্ত করতে সিটি মেয়রকে বেশ কয়েক বার অনুরোধ করা হয়েছিল। অবশেষে জেলা প্রশাসনের উদ্যোগে সেই প্রক্রিয়া শুরু হয়েছে। টাউন হল এলাকায় রঙিন প্লাস্টিকের বোতলে ফুলের টব স্থাপন ও গাছ লাগানোর কারণে দৃষ্টিনন্দন হয়েছে। নগরের সব এলাকার ফুটপাত থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করে এ ধরনের কাজ করা হলে নগর এলাকা গ্রিন সিটিতে পরিণত হবে।
কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ বলেন, জেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নগরের বিভিন্ন স্থানে ফুটপাত দখলমুক্ত করার নির্দেশনা দেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। এরই পরিপ্রেক্ষিতে নগরীর কান্দিরপাড় টাউন হল মাঠের দক্ষিণ পাশে সড়কের লোহার গ্রিলসংলগ্ন ফুটপাতের অবৈধ বিভিন্ন দোকান উচ্ছেদ করা হয়েছে। সেইসঙ্গে ফুটপাতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করে কুমিল্লা সিটি করপোরেশন, ভলান্টিয়ার্স ফর বাংলাদেশ (ভিবিডি), গ্রিন স্বদেশ ও গার্ডেন লাভার্স বাংলাদেশের কর্মীদের সহযোগিতায় নানা জাতের ফুলের গাছ প্লাস্টিকের রঙিন টবে ঝুলিয়ে দৃষ্টিনন্দন বাগান করা হয়েছে।
কুমিল্লা সিটি মেয়র মো. মনিরুল হক সাক্কু বলেন, ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করে ফুলের টব স্থাপন ও গাছ লাগানোর কারণে নগরীর সৌন্দর্য অনেক বেড়েছে। জেলা প্রশাসনের সহায়তা নিয়ে পর্যায়ক্রমে নগরীর সব এলাকার ফুটপাত থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করে একটি গ্রিন সিটি গড়ে তোলা হবে।
