শোয়েব মালিককে দলে চান আফ্রিদি

আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ২২:১৫

চলতি বছরেই ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে আইসিসি টি-২০ বিশ্বকাপের আসর। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরে টি-২০ সিরিজ জিতেছে পাকিস্তান। বাবর আজমের নেতৃত্বে দলের দারুণ সাফল্যে খুশি পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। সিরিজ জিতলেও পাকিস্তানের মিডল অর্ডার নিয়ে চিন্তায় আছেন তিনি। বিশ্বকাপকে সামনে রেখে মিডল অর্ডারের শক্তি বাড়াতে শোয়েব মালিককে দলে নেওয়ার দাবি জানিয়েছেন আফ্রিদি। এখনো অবসর নেননি ৩৯ বছর বয়সি শোয়েব মালিক। প্রোটিয়াদের সঙ্গে দাপট দেখিয়ে সিরিজ জিতেছে পাকিস্তান। যদিও প্রোটিয়াদের মূল দলটা ছিল না এ সিরিজে। আফ্রিদির মতে, মিডল অর্ডারে ভুগছে পাকিস্তান। বিশ্বকাপের কথা মাথায় রেখে শোয়েব মালিককে ফেরানো উচিত। এক টুইট বার্তায় আফ্রিদি লিখেছেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-২০ সিরিজ জেতায় পাকিস্তানকে অভিবাদন। সিরিজ জয় সত্ত্বেও আমাদের ভাবতে হবে মিডল অর্ডারের পারফরম্যান্স নিয়ে, যে জায়গা নিয়ে আমরা অনেক দিন ধরে সংগ্রাম করছি। আমার মনে হয়, শোয়েব মালিককে আবারও বিবেচনা করা উচিত। বিশেষ করে যখন এ বছরই একটি টি-২০ বিশ্বকাপ আছে।’