মধ্যবর্তী খেলোয়াড় দলবদল শেষ
স্পোর্টস রিপোর্টার
নির্ধারিত সময়ে প্রিমিয়ার ফুটবল লিগের খেলোয়াড়দের মধ্যবর্তী দলবদল শেষ হলেও এখন প্রশ্ন উঠছে লিগের দ্বিতীয় পর্ব শুরু হবে কবে। খেলোয়াড়রা নাম লিখিয়ে প্রস্তুতি নিয়েছেন। বেশিরভাগ ক্লাব অনুশীলনে। কিন্তু কারোনার কারণে লিগের ফিরতি পর্ব কবে শুরু হবে তা নিয়ে দুশ্চিন্তায় ক্লাবগুলো। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ শফিকুল ইসলাম মানিক বলছিলেন তারা অনুশীলন করে যাচ্ছেন। কিন্তু কোনো লক্ষ্য না থাকলে অনুশীলনের ধার বাড়ে না। খেলোয়াড়রাও সেভাবে গা লাগায় না। মানিক বলেন, ‘আমাদের বলা হয়েছে এক সপ্তাহ সময় দিয়ে খেলা শুরু হবে। দেখি কী হয়। আমরা প্রস্তুতি নিয়ে রাখছি।’ শেখ জামালের একজন ফুটবলার বললেন, ‘সবচেয়ে বড় দুশ্চিন্তা হচ্ছে আমরা ক্যাম্পে ঘরের ভেতরে থাকলেও কখন করোনা আক্রান্ত হয়ে পড়ি তার নিশ্চয়তা নেই। খালেদা জিয়া ঘরের ভেতরেই ছিলেন তিনিও আক্রান্ত হয়েছেন। আমরা ঘরের মধ্যে থাকলেও প্রয়োজনের তাগিদেই লোকজন বাজারে যাওয়া-আসা করছেন। আমরা কতক্ষণ নিরাপদ থাকব।’
লিগ নিয়ে গতকাল বাফুফের লিগ কমিটি ভার্চুয়াল বৈঠক করেছিল। কিন্তু লিগ শুরুর কোনো সিদ্ধান্ত হয়নি। একটা ফিকশ্চার তৈরি করার কথা বলা হয়েছে। সেটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি। কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী জানিয়েছেন তারা সব ক্লাবের মতামত নিয়েছেন, ক্লাবগুলো খেলতে রাজি। তবে ২১ এপ্রিল আকেরটি সভা করবে লিগ কমিটি। সেখানে চূড়ান্ত তারিখ ঘোষণা হতে পারে।’
লিগ কমিটি মনে করছে ২১ এপ্রিল সরকারি বিধিনিষেধ কমে আসতে পারে। লকডাউন নিয়ে সরকার কী সিদ্ধান্ত গ্রহণ করে সেটা জেনে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করতে চায় লিগ কমিটি। ২০২০ সালে লিগ শুরু হওয়ার পর পরই খেলা বন্ধ হয়ে যায় করোনার কারণে। পরে আর সেই খেলা মাঠে গড়ায়নি। নতুন করে এবছর লিগ আয়োজন করতে হয়েছে। যার প্রথম পর্ব শেষ হয়েছে মার্চে। আর গতকাল মধ্যবর্তী দলবদলও শেষ হয়।
মধ্যবর্তী দলদবলে ১৫ জন বিদেশিসহ ৪৮ জন ফুটবলার রেজিস্ট্রেশন করা হয়েছে। এর মধ্যে আবাহনী নাইজেরিয়ান সানডে চিজোবাকে নিয়েছে। বসুন্ধরা কিংস নিয়েছে এলিটা কিংসলে এবং কাতার প্রবাসী ওবায়দুর রহমান নবাবকে। মোহামেডান নিয়েছে বসুন্ধরার রবিউল হাসান এবং ক্যামেরুনের ইয়াসন ওউতাচিংকে, শেখ জামাল নিয়েছে সাইফের আরিফুল ইসলামকে। ব্রাদার্স ১৪ জন ফুটবলার নিয়েছে। এর মধ্যে এমিলি, শেখ জামালের ডিফেন্ডার আরিফুল ইসলাম, জিতু, আবাহনীর ডিফেন্ডার আতিকুর রহমান মিশুকে নেওয়া হয়েছে।
