প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাবে ৩৬ লাখ ২৫ হাজার পরিবার :কাদের

আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ২২:২৭

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৈশ্বিক সংকটে সরকারের পাশাপাশি অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে দলমত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, বিপন্ন মানুষের পাশে সবার আগে দাঁড়ানো আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতি। আসন্ন ঈদে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে ৩৬ লাখ ২৫ হাজার দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

গতকাল রবিবার ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। রমজানের ত্যাগ ও সংযমের মাসে অসহায় দরিদ্রদের প্রতি মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সরকার করোনা এবং লকডাউনে অসহায় কর্মহীন মানুষের আর্থিক সুরক্ষায় ইতিমধ্যেই বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এ ধারাবাহিকতায় লকডাউনে ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৫ লাখ পরিবার মাঝে খাদ্য-সহায়তা দেওয়া হবে। দেশের গণতন্ত্র নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যের উল্লেখ করে কাদের আগে নিজ দলে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানান।

এর আগে ওবায়দুল কাদের সেতু বিভাগের সঙ্গে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হন। এতে বলেন, নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে চলছে পদ্মাসেতুর নির্মাণকাজ। ইতিমধ্যেই ৪১টি স্প্যান বসানো হয়েছে, এখন রেলওয়ে ও সড়ক পথের স্ল্যাব বসানোর কাজ এগিয়ে চলছে। শনিবার পর্যন্ত পদ্মাসেতুর নির্মাণকাজের অগ্রগতি শতকরা ৮৫ ভাগ। তিনি আশা প্রকাশ করে বলেন, ২০২২ সালের জুন মাসে এই সেতুর নির্মাণকাজ শেষ হলে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের কাজ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ইতিমধ্যে প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ একটি টিউবের রিং প্রতিস্থাপনসহ বোরিং কাজ শেষ হয়েছে, এর মধ্যে টিউবটির ৪০০ মিটার রোড স্ল্যাব নির্মাণকাজ শেষ হয়েছে। এ পর্যন্ত টানেল নির্মাণ কাজের অগ্রগতি শতকরা ৬৬.৫০ ভাগ। এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং এয়ারপোর্ট রোড হতে আশুলিয়া বাইপাইল হয়ে ঢাকা ইপিজেড পর্যন্ত চার লেনের সড়ক ও উড়ালপথ নির্মাণ প্রকল্পের কাজে কিছুটা গতি পেলেও আশানুরূপ অগ্রগতি হয়নি বলেও জানান।