যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে বিচারকদের ‘আজীবন’ মেয়াদের অবসান চান অধিকাংশ মার্কিনি। তারা বলছেন, বিচারকদের মেয়াদের সময়সীমা বেঁধে দেওয়া উচিত। যুক্তরাষ্ট্র জুড়ে বার্তা সংস্থা রয়টার্স ও ইপসোস পরিচালিত এক জরিপে এ তথ্য পাওয়া গেছে।
জরিপে অর্ধেকের কম মার্কিনি বিচার বিভাগে সংস্কার চেয়েছেন। বৃহস্পতিবার ও শুক্রবার পরিচালিত জরিপে দেখা গেছে, ৬৩ শতাংশ মার্কিনি চান সুপ্রিম কোর্টের বিচারকদের মেয়াদে সময়সীমা বেঁধে দেওয়া হোক। ২২ শতাংশ এর বিপক্ষে অবস্থান নিয়েছেন। বাকিরা কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। ৩৮ শতাংশ মার্কিনি বলেছেন, সুপ্রিম কোর্টে আরো চার জন বিচারক নিয়োগ দিয়ে এর বিস্তার বাড়ানো উচিত। ৪২ শতাংশ এর বিরোধিতা করেছেন এবং বাকিরা বিষয়টি নিয়ে নিশ্চিত কিছু বলতে পারেননি। উদারপন্থি অ্যাক্টিভিস্ট ও আইন বিশেষজ্ঞরা বিচার বিভাগে সংস্কারের দাবি জানিয়েছেন। গত কয়েক বছর ধরে বিচার বিভাগে রিপাবলিকানরাই সংখ্যাগরিষ্ঠ অবস্থায় আছেন। সেখানে ৯ জনের মধ্যে ৬ জনই রিপাবলিকানপন্থি তথা রক্ষণশীল বিচারক।
গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারকের সংখ্যা ১৩ জন করতে একটি প্রস্তাব উত্থাপন করেন কিছু ডেমোক্র্যাট। তারা বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে এ কাজ করতে চান। কিন্তু ডেমোক্রেটিক পার্টির নেতারা এ বিষয়ে তেমন কোনো সাড়া দিচ্ছেন না। প্রেসিডেন্ট বাইডেন ইতিমধ্যে সুপ্রিম কোর্টে সংস্কার এবং বিচারকদের বিষয়টি দেখভালে একটি দলনিরপেক্ষ কমিটি গঠন করেছেন।
