বাংলা
হিমন এডওয়ার্ড গমেজ, সিনিয়র শিক্ষক
সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ
ঢাকা
সংকল্প
ক) কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন?
উত্তর:কবি বদ্ধ ঘরে থাকতে চান না। কারণ, তিনি জগত্টাকে দেখতে চান। এ জগতের মানুষ কীভাবে যুগান্তরের ঘূর্ণিপাকে ঘুরছে, দেশ থেকে দেশান্তরে ছুটে বেড়াচ্ছে কবি এসব দেখতে চান। তাছাড়া মঙ্গলগ্রহ, চন্দ্রলোকের অচিনপুর, আকাশ, পাতাল এসবের রহস্য তিনি জানতে চান। এ কারণে তিনি বদ্ধ ঘরে থাকতে চান না।
(খ) যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে বলতে কী বোঝ লেখ।
উত্তর:সময় খুব দ্রুত পরিবর্তিত হয়। সময় বা যুগের এ দ্রুত পরিবর্তনকে যুগান্তরের ঘূর্ণিপাক বোঝানো হয়েছে। যুগ পরিবর্তনের সাথে পাল্টে যায় বিশ্বের অনেক কিছু। সৃষ্টি হয় নতুন রহস্য। মানুষও থেমে থাকে না। যুগের সাথে সেও দ্রুতবেগে ছুটে চলে অজানা নতুন রহস্যের সন্ধানে। যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে বলতে মূলত এ বিষয়টিই বোঝানো হয়েছে।
(গ) চন্দ্রলোকের অচিনপুরে কারা যেতে চায়?
উত্তর:অসীম বিশ্বকে জানার এক অদম্য কৌতুহল মানুষের। আবিষ্কার করতে চায় অসীম আকাশের সকল অজানা রহস্যকে। মানুষ বোঝতে চায় কেন মানুষ ছুটছে অসীমে, অতলে, অন্তরীক্ষে। বীর কেন জীবনকে অনায়াসে বিপন্ন করে, কেন বরণ করে মৃত্যুকে। তাই দুঃসাহসী, কৌতূহলী মানুষ চন্দ্রলোকের অচিনপুরে যেতে চায়।
(ঘ) কিসের আশায় বীর মরণকে বরণ করছে?
উত্তর:এই বিশ্বকে, বিশ্বের অজানা জিনিসকে জানার ইচ্ছা বীরের কাছে নেশার মতো। তাই পৃথিবীর অজানা জিনিসকে জানার ইচ্ছায় বীর মরণকে বরণ করছে। মৃত্যুকে হাসিমুখে বরণ করতে তাঁরা দ্বিধা করে না।
