লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রথম শ্রেণি পাশ লক্ষ্মীপুরের আব্দুল মতিন। নিজেকে প্রধানমন্ত্রীর পিএস-১ হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন দপ্তরে ও আর্থিক প্রতিষ্ঠানে রূপ পালটিয়ে নানা মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন তিনি। ব্যাংক ও বিকাশের মাধ্যমে অর্থ আদায় করে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। সোমবার দুপুরে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামের র্যাব ক্যাম্পে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানায় র্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্প। এর আগে জেলার রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের চর আফজাল গ্রাম থেকে প্রতারক আব্দুল মতিনকে গ্রেফতার করে র্যাব। র্যাব-১১ সিপিসি-৩ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন জানান, রামগতির চর আফজাল গ্রামের মৃত আব্দুর রবের ছেলে আব্দুল মতিন দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে। নিজের দুটি এনআইডি তৈরি করে প্রধানমন্ত্রীর এপিএস পরিচয় দিয়ে সরকারের বিভিন্ন দপ্তরে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আদায় করে আসছিল মতিন। সে একজন প্রতারক, জাল টাকা ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে তিনটি মামলা দায়েরের প্রস্ততি চলছে। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন থানায় এর আগে আরো ১২টি মামলা রয়েছে।
