বুয়েটে ভর্তি পরীক্ষার যোগ্যতা

আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ২২:০৬

২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তির জন্য বুয়েট কর্তৃপক্ষ প্রাথমিক আবেদনের জন্য এসএসসিতে পদার্থ রসায়ন ও ম্যাথামেটিক্স-এ গড়ে ৯০ নম্বর চেয়েছে। এর ফলে অনেক মেধাবী ছাত্রছাত্রী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না। আমি ২০১৮ এবং ২০২০ সালে যথাক্রমে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হই। এসএসসিতে বোর্ড বৃত্তি লাভ করি। আমি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ থেকে টেস্ট পরীক্ষায় নবম স্থান পাই। ফিজিক্স অলিম্পিয়াডে দুইবার এবং ম্যাথ অলিম্পিয়াডে দুইবার জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করি। অটো পাশের কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমি কৃতিত্বের ছাপ রাখতে পারিনি। পরীক্ষা হলে আমি গড়ে ৯৫ শতাংশ নম্বর পেতাম। আমি দীর্ঘ দুই বছর ধরে বুয়েটে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছি। ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় ব্যাপকহারে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, তাই সেই পরীক্ষার ফলকে ভিত্তি ধরা মোটেও যুক্তিসঙ্গত নয়। তদুপরি এসএসসিতে ভালো করা অনেক ছাত্রছাত্রী এইচএসসি পরীক্ষায় খারাপ করে। আবার এসএসসিতে খারাপ করা অনেক ছাত্রছাত্রী এইচএসসি পরীক্ষায় ভালো করে। তাই বুয়েট কর্তৃপক্ষের কাছে আমার বিনীত আবেদন এই যে, বর্তমান সময়ে যেহেতু জিপিএর ভিত্তিতে মেধা মূল্যায়ন করা হয়—মার্কসের ভিত্তিতে নয়, তাই সমস্ত ডাবল এ প্লাসধারী ছাত্রছাত্রীকে বুয়েটে ভর্তির আবেদন করার সুযোগ দিন।

শেখ সালাহউদ্দিন

সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর