তিতাস (কুমিল্লা) সংবাদদাতা
তিতাস উপজেলায় বোরো ধান কাটা-মাড়াই শুরু হয়ে গেছে। ভোর থেকে রাত অবধি সোনালি ধান ঘরে তোলার তাগাদায় ব্যস্ত সময় পার করছেন কৃষক-কিষানিসহ পরিবারের ছোট-বড় সবাই।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ২৭টি ব্লকে চলতি বোরো মৌসুমে আগাম নতুন জাত হিসেবে বি ধান-৮১ ও বি ধান-৮৮ এবং পুরাতন জাত হিসেবে বি ধান-২৮ ব্যাপক হারে চাষ করা হয়েছে। উপজেলায় এবার ৬ হাজার ৭৬০ হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও চাষাবাদ হয়েছে ৬ হাজার ৭১০ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রার চেয়ে ৫০ হেক্টর জমিতে আবাদ কম হয়েছে। কাপাশকান্দি গ্রামের কিষানি মিনারা খাতুন বলেন, ধান ঘরে তুলতে গিয়ে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পানির সংকট। ধান ভেজানো ও সেদ্ধ করার কাজে প্রচুর পানি লাগে। আশপাশের জলাশয় ও ডোবা-নালা ভরাট হয়ে যাওয়ায় এই সংকট আরো প্রকট হয়েছে।
উপজেলা কৃষি অফিসার মো. সালাহউদ্দিন বলেন, ‘স্থানীয় ও উচ্চফলনশীল জাতের ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। বোরো ফসলের উত্পাদন বাড়াতে আমরা আপ্রাণ চেষ্টা করছি। ফসল ঘরে তোলা পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে এবার কৃষক বেশ লাভবান হবেন।’
